পবিত্র মাহে রমজান উপলক্ষে সন্দ্বীপে মরহুম আলহাজ্ব মাস্টার শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভুলাই বাড়িতে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী এবং ১৪০টি পরিবারের মাঝে নগদ অর্থ অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ইকবাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। প্রধান বক্তা হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী মো. নিজাম উদ্দিন ও কো-চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী রিদুয়ানুল বারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ফোরকান উদ্দিন রিজভী, সন্দ্বীপ উপজেলা কৃষকদলের আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো এবং সন্দ্বীপ উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ।
এ সময় জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান, সাংবাদিক ইলিয়াস কামাল বাবু, সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক বাদল রায় স্বাধীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাস্টার নিজাম উদ্দিন এবং শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সাখাওয়াত হোসেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন