সুনামগঞ্জের দিরাই উপজেলাতে আওয়ামী লীগ নেতা প্রদীপ রায়ের মালিকানাধীন জলমহাল ‘মেঘনা বারঘর’-এর অধীন ধলিপুরী জলমহালের সাব-লিজ দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
শনিবার উপজেলার ভাটিপাড়া বাজার এলাকায় শিশির নূর ও রাসেল মিয়ার সমর্থকদের মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী এই সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন ভাটিপাড়া গ্রামের মুরসালিন (২৫), তারাজুল (৩২), রাজরান (২৪) ও গোলাম কিবরিয়া (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিপাড়া গ্রামের পাশের ধলিপুরী ডোবা নামে একটি জলমহাল ভাটিপাড়া গ্রামের রাসেল মিয়া ইজারাদার সমিতির কাছ থেকে সাব-লিজ নেন। তবে শিশির নূরকে সাব-লিজ না দেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়।
এ নিয়ে শিশির নূরের লোকজন ডোবাটি শুকানোর কাজে বাধা দিলে ডোবার পাড়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে রাসেল মিয়ার লোকজন ভাটিপাড়া বাজারে গেলে তাদের উদ্দেশে গালিগালাজ করা হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৩০–৩৫ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. পিন্টু তালুকদার জানান, সংঘর্ষে আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেটে রেফার করা হয়েছে। অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন