‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে অদম্য নারীদের সম্মাননা প্রদান, প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ১২টায় রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক অনুকা খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এবং অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন। এছাড়াও সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন কীর্তিময় নারীকে সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে প্রশিক্ষণ সম্পন্নকারী নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাঁদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, নারীর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে হলে তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা জরুরি। পাহাড়ের নারীরা সব প্রতিকূলতা জয় করে এগিয়ে যাচ্ছেন, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি সম্মাননা প্রাপ্তদের হাতে বিশেষ স্মারক এবং প্রশিক্ষণার্থীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন