দিনাজপুর থেকে দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৬:৫২ পিএম
দিনাজপুর থেকে দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছিল। আমরা যে কাজগুলো করব তা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে সম্পন্ন করব এবং নিবিড় পর্যবেক্ষণে রাখব। কোনো ধরনের দুর্নীতির আশ্রয় বা প্রশ্রয় যাতে না হয়, সেদিকে কঠোর স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

রোববার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর সাহাপাড়া গ্রামে ১২ কিলোমিটার দীর্ঘ খাল খনন এলাকা পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামসহ প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে ছিল সরকার গঠন করলে পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন করা হবে। সেই সিদ্ধান্তের আলোকে আগামী ১৬ মার্চ কাহারোলের বলরামপুর সাহাপাড়ায় ১২.২০ কিলোমিটার খাল খনন কাজ উদ্বোধনের মধ্য দিয়ে সারাদেশে একযোগে জেলা ও উপজেলা পর্যায়ে এই কর্মসূচি শুরু হবে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম দিনাজপুরের এই খালকেই বেছে নিয়েছেন।

তিনি আরও জানান, ১৬ মার্চ প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর প্রতিটি জেলা ও উপজেলায় স্ব স্ব এলাকার মন্ত্রী এবং সংসদ সদস্যরা একযোগে এই খনন কর্মসূচি উদ্বোধন করবেন, যার মাধ্যমে সারাদেশে একটি গণজাগরণ তৈরি করাই সরকারের লক্ষ্য।

উল্লেখ্য, দীর্ঘ ১২ কিলোমিটারের এই খাল খনন প্রকল্পটি অত্র এলাকার কৃষিজীবী মানুষের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সংশ্লিষ্টরা বলছেন, এই খাল খনন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন হবে এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধার মাধ্যমে কয়েক হাজার একর কৃষি জমি চাষাবাদের আওতায় আসবে। এর ফলে স্থানীয় জীববৈচিত্র্য ও ভূ-গর্ভস্থ পানির স্তর রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

জেএইচআর