মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মেহেরপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৩:১৯ পিএম
মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মেহেরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মান্নান (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় নারী ও শিশুসহ আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামের এসবি ইটভাটার কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান সদর উপজেলার কামদেবপুর গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন-  নিহতের মেয়ে তাসলিমা খাতুন, নাতনি খাদিজা খাতুন (৩) এবং তিন মাস বয়সী শিশু চাঁদনী খাতুন। এছাড়া বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেল চালকও আহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি। আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান তার মেয়ে ও নাতনিদের নিয়ে মোটরসাইকেলযোগে কামদেবপুর থেকে শোলমারীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ফতেপুর এসবি ইটভাটার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল মান্নানের মৃত্যু হয়। দুর্ঘটনার পর অপর মোটরসাইকেল চালক তার গাড়িটি ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। সংঘর্ষে দুটি মোটরসাইকেলই দুমড়ে-মুচড়ে গেছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বর্তমানে আহতরা একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পলাতক মোটরসাইকেল চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।

জেএইচআর