ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই টেলিভিশন সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত ছাড়াই মিথ্যা মামলা নেয়ার অভিযোগ উঠেছে পীরগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে।
রোববার ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেছেন পীরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম।
ভুক্তভোগী সাংবাদিকরা হলেন, এশিয়ান টিভির ঠাকুরগাঁও স্টাফ রিপোর্টার জাকির হোসেন ও দৈনিক আমার সংবাদের পীরগঞ্জ প্রতিনিধি এবং গ্রিন টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল আলীম।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি পীরগঞ্জ উপজেলার রাণীশংকৈল রোড সংলগ্ন একটি চায়ের দোকানে ব্যক্তিগত কোন্দলের কারণে দু-পক্ষের মধ্যে একটি মারামারি শুরু হয়। এসময় খবর পেয়ে এশিয়ান টিভির ঠাকুরগাঁও স্টাফ রিপোর্টার জাকির হোসেন ও গ্রীন টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল আলীম ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে তাদের নাম উল্লেখ্য করে পীরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে বিবাদীরা।
কিন্তু গত ৬ মার্চ অজ্ঞাত কারণে অভিযোগটি আমলে নিয়ে কোন তদন্ত না করে এই দুই সাংবাদিকসহ চারজনের নাম উল্লেখ করে একটি মামলা রুজু করে পীরগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম ও তদন্ত ওসি আব্দুল হাকিম।
এই মামলার মানিত তিনজন সাক্ষীর সঙ্গে পুলিশের কোন কথা পর্যন্ত হয়নি বলে সাক্ষীরা জানান। এই মামলার সাক্ষীরা ইতোমধ্যেই মামলাটি সাজানো ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে সাংবাদিকদের পক্ষে আদালতে উপস্থিত হয়ে এফিডেফিট করে ও জবানবন্দি দিয়েছেন।
পীরগঞ্জ থানার (ওসি) মাজহারুল ইসলাম মুঠোফোনে বলেন, আমরা সাংবাদিকদের অনেক সময় দিয়েছিলাম মীমাংসা হওয়ার তারা ব্যর্থ হলে রাজনৈতিক চাপে আমরা মামলাটি গ্রহণ করি। এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন