হাদি হত্যার আসামিদের দেশে ফেরানো নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাশেদুল ইসলাম, কক্সবাজার প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৫:২৩ পিএম
হাদি হত্যার আসামিদের দেশে ফেরানো নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

একই সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে ‘মব’ হিসেবে দেখার প্রবণতা নিয়ে সতর্ক করে তিনি বলেন, সব ঘটনাকে মব বলা ঠিক নয়; অনেক ক্ষেত্রে সেগুলো বিচ্ছিন্ন অপরাধ।

সোমবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়-এ অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাদি হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেপ্তার হওয়ার পর তাদের দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফিরিয়ে আনার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে।

মাদক ব্যবসায়ীদের তালিকা প্রকাশের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তালিকা প্রকাশ করলে অনেক সময় তা রাজনৈতিকভাবে প্রভাবিত হওয়ার বা বিভিন্নভাবে বিকৃত হওয়ার ঝুঁকি থাকে। তাই পেশাদারভাবে তালিকা তৈরি করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কক্সবাজার সমুদ্র সৈকত-এ শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজার দেশের গর্ব। এটিকে জাতীয় ও আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্যে পরিণত করতে হবে। সৈকতে থাকা অবৈধ স্থাপনাগুলো জেলা প্রশাসনের নেতৃত্বে এক সপ্তাহের মধ্যে উচ্ছেদ করা হবে।

দেশজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ বা কোনো অপরাধীকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।

সভায় উপস্থিত ছিলেন আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, লুৎফুর রহমান কাজল ও শাহজাহান চৌধুরীসহ কক্সবাজারের সংসদ সদস্যরা। এছাড়া শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

এএন