দিনাজপুরের হাকিমপুর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের প্রধান অফিস সহকারী আনোয়ার হোসেনের বিরুদ্ধে একই অফিসের এক নারী কর্মীকে যৌন হয়রানি ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার অভিযোগের বিষয়ে তদন্ত করতে হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিসে আসেন বিরামপুরের সাব-রেজিস্ট্রার কর্মকর্তা হিমেল বাহার শুভ। তিনি অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য নেন এবং প্রাথমিক তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।
অভিযোগকারী নারী কর্মী মোছা. মৌসুমী আক্তার বলেন, তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত রয়েছেন। তার অভিযোগ, অফিসের প্রধান অফিস সহকারী আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছেন।
তিনি বলেন, আমি একজন নারী। আমার সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন অজুহাতে আমাকে ফোন করে তার বাড়ি কিংবা আবাসিক হোটেলে যেতে বলা হয়। আমি বারবার তাকে নিষেধ করেছি এবং বলেছি আমার সংসার আছে। এমন প্রস্তাব না দিতে এবং আমাকে ফোন না করতে বলেছি। কিন্তু এরপরও তিনি ফোনে কুপ্রস্তাব দিয়ে যাচ্ছেন। তার দেওয়া ফোন কলের রেকর্ডও আমার কাছে রয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত অফিস সহকারী আনোয়ার হোসেনের বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত অফিস ত্যাগ করেন এবং উপজেলা ছেড়ে চলে যান।
বিভাগীয় তদন্তে আসা বিরামপুরের সাব-রেজিস্ট্রার কর্মকর্তা হিমেল বাহার শুভ বলেন, হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিসের প্রধান অফিস সহকারী আনোয়ার হোসেনের বিরুদ্ধে একই অফিসের এক নারী কর্মীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ আমরা তদন্ত করতে এসেছি। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা জানান, বিষয়টি বিভাগীয় তদন্তের আওতাধীন। তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন