দিনাজপুর পৌরসভায় ডেভেলপমেন্ট প্লান শীর্ষক দুই দিনব্যাপি কর্মশালা সমাপ্ত হয়েছে। বিশ্ব ব্যাংকের সহায়তায় এবং এলজিইডিকর্তৃক বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (RUTDP) আওতায় দিনাজপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা (সিডিপি), ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান (সিআইপি), পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (পিডিপি) এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যানের (সিআরএপি) আযোজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার শেষ দিন সভাপতিত্ব করেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. শরিফুল ইসলাম। কর্মশালা সঞ্চালনা করেন আরইউটিডিপি এলজিইডির প্রধান কার্যালয়ের নগর পরিকল্পনাবি মো. আব্দুর রকিব খান।
কর্মশালায় বক্তারা বলেন, এ প্রকল্পের মূল উদ্দেশ্য দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভাগুলোকে উত্তর-পশ্চিম অঞ্চলের পৌরসভার সাথে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণ, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলা।
প্রথম পর্যায়ে প্রকল্পটি ৮১টি পৌরসভা এবং ৬টি সিটি কর্পোরেশনে বাস্তবায়িত হবে, যা বাংলাদেশের ৩৬টি জেলাকে অন্তর্ভুক্ত করছে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২ দশমিক ১ কোটি মানুষ উপকৃত হবে, যার অর্ধেকই নারী।
কর্মশালায় আরো জানানো হয়, প্রকল্পের আওতায় নোডাল সিটির রাস্তা ও ফুটপাত, সড়কবাতী উন্নয়ন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, ডাম্পিং স্টেশন, সুপারমার্কেট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, পৌরভবন নির্মাণসহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক উন্নয়ন করা হবে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্প সামাজিক ও পরিবেশগত দিক বিবেচনা করে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করে পরিচালিত হবে।
কর্মশালায় পৌরসভার টাউন-লেভেল কোঅর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সদস্যবৃন্দ, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট পরামর্শকবৃন্দ, এমটিএস মেহমুদ ও মো. জাহিদুল ইসলাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, আহসান ইমাম, পরিবেশ বিশেষজ্ঞ, সানিম আরেফিন, ডিজাইন ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন