জুনিয়র বৃত্তিতে সফল ২৬৪ শিক্ষার্থী পেল সংবর্ধনা

আল-আমিন, নীলফামারী প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৬:৪৪ পিএম
জুনিয়র বৃত্তিতে সফল ২৬৪ শিক্ষার্থী পেল সংবর্ধনা

নীলফামারীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ‘ট্যালেন্টপুল বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ। 

বুধবার জেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের পথ দেখাবে। মেধার পাশাপাশি নিয়মিত পড়াশোনা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাইম হাসান খান এবং জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, জেলার বিভিন্ন উপজেলার জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও প্রেরণা দিতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আগামীতেও শিক্ষার্থীদের মেধা বিকাশে জেলা পরিষদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জেএইচআর