বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইসলামী আন্দোলন নেতা হুমায়ুন কবিরের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বুধবার সকাল ১১টায় নিয়ামতি ইউনিয়নের মহেষপুর বাজারে 'সর্বস্তরের জনগণের' ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলে স্থানীয় সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিক্ষুব্ধ জনতা চেয়ারম্যানের বিরুদ্ধে স্লোগান দিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
জানা যায়, গত ৯ মার্চ সরকারি দুস্থ মহিলা খাদ্য সহায়তা কর্মসূচির (ভিডব্লিউভি) ১ হাজার ৩০০ কেজি চাল চুরির অভিযোগে চেয়ারম্যান হুমায়ুন কবিরকে ইউনিয়ন পরিষদে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাকে শারীরিকভাবে হেনস্তাও করে।
এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামিম পারভেজ জানান, ইউনিয়নে ২৬৬টি কার্ডের বিপরীতে বকেয়াসহ ৩ মাসের মোট ২৩ হাজার ৯৪০ কেজি চাল দেওয়ার কথা ছিল। কিন্তু গুদাম থেকে ১ হাজার ৩০০ কেজি চাল কম আসায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে চেয়ারম্যানের দাবি ছিল, ট্রলারে জায়গা না হওয়ায় বাকি চাল পরে আনার জন্য গোডাউনে রাখা হয়েছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান হুমায়ুন কবির ইতিপূর্বেও জেলেদের চাল চুরি ও বিভিন্ন ভাতা থেকে টাকা আদায়সহ নানা দুর্নীতিতে জড়িত ছিলেন। এসব ঘটনা নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও তিনি পার পেয়ে গেছেন। এবারও চাল চুরির চেষ্টা হাতেনাতে ধরা পড়েছে। দ্রুত প্রশাসনের তদন্ত ও কঠোর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
অভিযোগের বিষয়ে জানতে চেয়ারম্যান হুমায়ুন কবিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন