মোংলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি নেতা রাজ্জাকসহ তাঁর পরিবারের ৯ সদস্যের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলা পরিষদ মাঠে তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে হাজার হাজার সাধারণ মানুষের পাশাপাশি অংশ নেন স্থানীয় সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এছাড়াও বাগেরহাট জেলা ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানাজায় উপস্থিত ছিলেন। জানাজা শেষে বিকেল সোয়া ৩টায় পৌর কবরস্থানে দাফন প্রক্রিয়া শুরু হয়। প্রথমে পরিবার প্রধান আ. রাজ্জাককে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে পরিবারের অন্য সদস্যদের দাফন সম্পন্ন করা হয়।

এর আগে আজ সকালে খুলনার কয়রায় কনের বাড়িতে ৪ জন এবং বাগেরহাটের রামপালে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস চালকের দাফন সম্পন্ন হয়েছে।

এই মর্মান্তিক ও হৃদয়বিদারক মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামও।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন