ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক আটক

ফেনী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১০:৫৫ এএম
ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক আটক

ফেনীতে এক লাখ ২৫ হাজার জাল টাকাসহ মো. ফারুক আহম্মদ ভূঁইয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, প্রিন্টার, পেনড্রাইভসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে ফেনী মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম।

আটক ফারুক আহম্মদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার জিয়াসার গ্রামের মৃত মো. আলী আহম্মদ ভূঁইয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ফেনী শহরতলীর রানীরহাট এলাকায় জাল টাকা দিয়ে কেনাকাটা করার সময় স্থানীয়দের সন্দেহ হলে ফারুককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দাগনভূঞা উপজেলার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১ লাখ ২৫ হাজার টাকার জাল নোট ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক জাল টাকা তৈরির কথা স্বীকার করেছেন। 

তিনি জানান, কম্পিউটারের দোকানে কাজ শেখার সুবাদে লোভে পড়ে তিনি এই জাল নোট ছাপানোর কাজ শুরু করেন। ইতিপূর্বে পরীক্ষামূলকভাবে কিছু জাল টাকা তিনি বাজারে ছেড়েছেন বলেও স্বীকার করেছেন। আটককৃত ফারুকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

জেএইচআর