দিনাজপুরের পাবর্তীপুর রেলওয়ে জংশন-এ দাঁড়িয়ে থাকা রমনা কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, জংশনের মিটারগেজ (এমজি) ওয়াশপিটে ট্রেনটির মেরামতের কাজ চলছিল। অভিযোগ রয়েছে, অদক্ষ শ্রমিক দিয়ে টি.এল.আর (ট্রেন লাইটিং রিপেয়ার) কাজ করানোর সময় পাওয়ার কারে ঝালাই (ওয়েল্ডিং) করা হচ্ছিল। এ সময় ঝালাইয়ের আগুনের টুকরো নিচে পড়ে বগির ভেতরে থাকা তেলের মধ্যে পড়ে যায়। এতে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে জেনারেটর বা পাওয়ার কারের ভেতরে।
খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ ঘটনায় পাওয়ার কারের ভেতরের বেশিরভাগ অংশ পুড়ে যায় বলে জানা গেছে। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ (জিআরপি), রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এবং বাংলাদেশ রেলওয়ে-এর বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।
উল্লেখ্য, রমনা কমিউটার ট্রেনটি পার্বতীপুর থেকে রমনা বাজার পর্যন্ত চলাচল করে। দীর্ঘ প্রায় সাড়ে চার বছর বন্ধ থাকার পর ট্রেনটি পুনরায় চালু করা হয় ২১ অক্টোবর ২০২৪ তারিখে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে পাওয়ার কারের ভেতরের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন