ফরিদপুরের সালথায় পাটচাষিদের মাঝে বিনামূল্যে উন্নত মানের পাটবীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুর ১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় তালিকাভুক্ত চাষিদের মাঝে এসব বীজ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে উপজেলার বিভিন্ন এলাকার মোট ১ হাজার ৩০০ জন পাটচাষির মাঝে বিনামূল্যে পাটবীজ হস্তান্তর করা হয়।
উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল বারী জানান, সালথা উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৩ হাজার পাটচাষিকে এই প্রকল্পের আওতায় তালিকাভুক্ত করা হয়েছে। আজ ১ হাজার ৩০০ জনকে বীজ প্রদান করা হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি ১ হাজার ৭০০ জন চাষির মাঝেও বিনামূল্যে পাটবীজ বিতরণ সম্পন্ন করা হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন