হুইপ অপু

খুবই অল্প সময়ে ৪ প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি

মহসিন তালুকদার, মাদারীপুর প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৯:২৫ পিএম
খুবই অল্প সময়ে ৪ প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি

জনগণক দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বর্তমান সরকার বদ্ধপরিকর উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, খুবই অল্প সময়ের মধ্যে আমরা ৪টি বড় প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি। এত দ্রুত সময়ে এসব কাজ সম্পন্ন হতে পারে, তা দেশের মানুষ কল্পনাও করেনি।

সোমবার (১৬ মার্চ) বিকেলে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া বালুর মাঠ এলাকায় দেশব্যাপী নদী-খাল ও জলাধার পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাস্তবায়িত ৪টি বিশেষ উদ্যোগ: হুইপ তাঁর বক্তব্যে সরকারের নেওয়া বিশেষ উদ্যোগগুলো প্যারা আকারে তুলে ধরেন। তিনি বলেন, সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। কৃষকদের সরাসরি রাষ্ট্রীয় সহায়তা ও ভর্তুকি পৌঁছে দিতে প্রবর্তন করা হয়েছে কৃষি কার্ড। এছাড়া ধর্মীয় সেবকদের অবদানের স্বীকৃতিস্বরূপ ইমাম ও মুয়াজ্জিনদের জন্য রাষ্ট্রীয়ভাবে সম্মানী ভাতার ব্যবস্থা করা হয়েছে। সর্বশেষ পরিবেশ রক্ষা ও কৃষির উন্নয়নে দেশব্যাপী নদী-খাল ও জলাধার পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, গত ১৭ বছরে যে জঞ্জালের সৃষ্টি হয়েছে, তা একদিনে পরিষ্কার করা সম্ভব নয়। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব। ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।

মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। লক্ষ্মীগঞ্জ খেয়াঘাট থেকে চরমুগরিয়া পর্যন্ত প্রায় সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখননের কাজ আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

মাদারীপুরের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। 

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, পুলিশ সুপার এহতেশামুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

জেএইচআর