রাজশাহীতে পরিত্যক্ত ২১ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৪:০৪ পিএম
রাজশাহীতে পরিত্যক্ত ২১ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, আসন্ন ঈদকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে এসব অস্ত্র মজুত করা হয়েছিল।

মঙ্গলবার দুপুরে র‍্যাব-৫ এর রাজশাহীর মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠের উত্তর পাশে একটি লেবুবাগানে অভিযান চালানো হয়। র‍্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে র‍্যাব সদস্যরা সেখানে দুটি পরিত্যক্ত প্লাস্টিকের বস্তা দেখতে পান। বিস্ফোরক থাকার সন্দেহে দ্রুত র‍্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। পরে বিশেষজ্ঞ দল বস্তা দুটি পরীক্ষা করে সেখান থেকে ২১টি ককটেল সদৃশ বস্তু শনাক্ত করে। এছাড়া আরেকটি প্লাস্টিকের বস্তা থেকে একটি হাসুয়া, দুটি বড়-ছোট ছোরা এবং একটি চাকু উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও উদ্ধারকৃত এসব ককটেল ও অস্ত্রের মালিকানা সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। র‍্যাব জানায়, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধারকৃত মালামাল চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জেএইচআর