যমুনা সেতুতে একদিনে টোল আদায় প্রায় ৩ কোটি টাকা

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৪:০৭ পিএম
যমুনা সেতুতে একদিনে টোল আদায় প্রায় ৩ কোটি টাকা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি শুরু হওয়ায় ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ আগের তুলনায় অনেক বেড়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা।

মঙ্গলবার দুপুরে মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, যানবাহনের ব্যাপক চাপ থাকলেও কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি।

মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করছেন। এতে করে এবারের ঈদযাত্রায় অনেকটাই স্বস্তিতে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ।

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, মহাসড়কে যানজট নিরসনে জেলা পুলিশের ৮ শতাধিক সদস্য তিন শিফটে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশও সমন্বয় করে কাজ করছে। 

তিনি আরও জানান, সোমবার বিকেল থেকে ছুটি শুরু হওয়ায় চাপ বেড়েছে এবং গার্মেন্টস ছুটি হলে এই চাপ আরও বাড়বে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।

পুলিশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এবারের ঈদযাত্রায় মহাসড়ক যানজটমুক্ত রাখা সম্ভব হবে।

জেএইচআর