বকেয়া বেতন না দিয়ে মালিক উধাও, চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৮:৪৯ পিএম
বকেয়া বেতন না দিয়ে মালিক উধাও, চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ঈদের আগে বকেয়া বেতন না দিয়ে কারখানা তালাবদ্ধ করে মালিক পালিয়ে যাওয়ার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর অলংকার মোড় এলাকায় ‘জয় ফ্যাশন’ নামক কারখানার কয়েকশ শ্রমিক সড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন।

শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো সকালে কাজে যোগ দিতে এসে তাঁরা কারখানার মূল ফটকে তালা ঝুলতে দেখেন। দুই মাসের বকেয়া বেতন ঈদের আগে পরিশোধ করার কথা থাকলেও মালিক পক্ষ কৌশলে সটকে পড়েছে। বেতন না পাওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা প্রধান সড়ক অবরোধ করলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

বিক্ষুব্ধ এক শ্রমিক বলেন, সামনে ঈদ, অথচ গত দুই মাসের বেতন এখনো পাইনি। মালিক সব বন্ধ করে পালিয়েছে। এখন আমরা পরিবার নিয়ে কোথায় যাব? পাওনা আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না।

শিল্প পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মাহমুদ জানান, ওই কারখানায় আগেও বেতন নিয়ে সমস্যা হয়েছে। এবার ঈদের ঠিক আগে মালিক ও তাঁর পরিবারের সদস্যরা বাসায় তালা দিয়ে পালিয়েছেন। পুলিশ মালিক পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে এবং শ্রমিকদের দাবি পূরণের বিষয়ে কাজ করছে।

জেএইচআর