পলাশে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ১১:১০ এএম
পলাশে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশে পৃথক দুটি স্থান থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম বাগপাড়া ও মধ্য বাগপাড়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা সম্পর্কে একে অপরের বন্ধু বলে জানা গেছে।

নিহতরা হলেন- পলাশ উপজেলার পশ্চিম বাগপাড়া গ্রামের বাশির উদ্দিন শেখের ছেলে শেখ শরীফ (২৬), যিনি পেশায় একজন ফ্রিল্যান্সার ছিলেন। অন্যজন হলেন পার্শ্ববর্তী মধ্য বাগপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম।

পুলিশ সূত্রে জানা গেছে, মুসান্না মিমের মরদেহটি আংশিক গলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তার মৃত্যু ৪-৫ দিন আগে হয়েছে। অন্যদিকে শেখ শরীফের মৃত্যু হয়েছে মঙ্গলবার। একই দিনে দুই বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) কুতুব উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা দুজনেই আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং এর পেছনে কোনো রহস্য আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ জানাতে পারেনি। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেএইচআর