বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাজশাহীতে নিহত ও আহত নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে মহানগর ছাত্রদল।
বুধবার নগরীর বিভিন্ন এলাকায় গিয়ে সংগঠনটির নেতারা এসব পরিবারের খোঁজখবর নেন এবং তাঁদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
রাজশাহী মহানগর ছাত্রদল নেতা ও রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়। ছাত্রদল নেতারা পুলিশি রিমান্ডে নিহত ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আইনুর রহমান মুক্তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতা প্রকাশ করেন।
এছাড়া তাঁরা ছাত্রলীগ ও যুবলীগের হাতে নিহত ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মনোয়ার হোসেনের পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন। একই সঙ্গে ২০২৪ সালের ৫ আগস্ট রাজশাহীতে গুলিবিদ্ধ হয়ে আহত সালমানের শারীরিক অবস্থার খোঁজ নেন তারা।
এমদাদুল হক লিমন জানান, শহীদ ও নির্যাতিত নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়ানো বিএনপির নৈতিক দায়িত্ব এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদল নেতা ও রাজপাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল ইসলাম রাতুল, মতিহার থানা উত্তর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সোহেল রানা, মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি এবং রাজশাহী কলেজ ছাত্রদল নেতা রাব্বি শেখসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন