হবিগঞ্জে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৮:০৬ পিএম
হবিগঞ্জে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল)-এর সাথে হবিগঞ্জ জেলা ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে এবং সদস্য সচিব কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক। সভায় হবিগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং সাংবাদিকদের পেশাগত নানা সমস্যা, প্রত্যাশা ও দীর্ঘদিনের দাবিগুলো তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবদুল বাছির সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান, উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করা এবং পেশাগত ঝুঁকি মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি আশ্বাস দেন যে, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে অত্যন্ত আন্তরিক এবং ট্রাস্টের মাধ্যমে সংবাদকর্মীদের ন্যায্য অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নানা পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।

সভা শেষে হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন যে, এ ধরনের নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে মাঠ পর্যায়ের সাংবাদিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার প্রক্রিয়া আরও গতিশীল হবে।

জেএইচআর