ঝালকাঠির গাছপালা, নদীনালা ও সামগ্রিক প্রাণপ্রকৃতি রক্ষায় একজোট হয়েছেন জেলার সচেতন নাগরিকরা।
বৃহস্পতিবার দুপুর ৩টায় ঝালকাঠি প্রেসক্লাবে অনুষ্ঠিত এক জরুরি সভায় পরিবেশ সংরক্ষণে একটি শক্তিশালী নাগরিক প্ল্যাটফর্ম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অবসরপ্রাপ্ত শিক্ষক তৌহিদ হোসেন খানের সভাপতিত্বে এবং প্রেসক্লাব সদস্য ও স্টার নিউজের জেলা প্রতিনিধি ঈসমাইল মুসাফিরের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, নদী দখল, নির্বিচারে বৃক্ষ নিধন ও পরিবেশ দূষণ রোধে সংগঠিতভাবে কাজ করার কোনো বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে সভায় সর্বসম্মতিক্রমে ৮০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটিতে ৫০ জনকে নির্বাহী সদস্য এবং ৩০ জনকে সাধারণ সদস্য হিসেবে রাখা হয়েছে।
সভায় বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আককাস সিকদার, সাধারণ সম্পাদক আ.স.ম. মাহমুদুর রহমান পারভেজ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলাম জলিল, সদস্য মো. শফিউল ইসলাম সৈকত এবং দুলাল সাহা প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, আইনজীবী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নবগঠিত এই কমিটি ঝালকাঠির পরিবেশ রক্ষায় জনমত গঠন, সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবিরোধী বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন