ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ফেনী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ১১:৩১ এএম
ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। 

রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের সংস্কার কাজ চলছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে লেনটি পার হওয়ার সময় পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়।

এই ঘটনা নিয়ে বাস ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও অন্যান্য বাসের জটলা তৈরি হয়। এর কিছুক্ষণ পরেই বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা ওই জটলার ওপর আছড়ে পড়ে।

এই ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার এবং একজন যাত্রী প্রাণ হারান। মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের পূর্ণাঙ্গ নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ফেনীর সিভিল সার্জন ও ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) ডা. রুবাইয়াত বিন করিম জানান, ভোরে সড়ক দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হলে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকি ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

জেএইচআর