নুরুজ্জামান বাবু

চাঁদাবাজ বিটুল যুবদলের কেউ নয়, সে যুবলীগ নেতা

পঞ্চগড় প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৬:৪৪ পিএম
চাঁদাবাজ বিটুল যুবদলের কেউ নয়, সে যুবলীগ নেতা

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ঈদগাহ মাঠের অস্থায়ী দোকান থেকে চাঁদা তুলতে গিয়ে গণপিটুনির শিকার হওয়া বিটুল নামে ওই ব্যক্তি যুবদলের কেউ নন বলে দাবি করেছে জেলা যুবদল।

সোমবার (২৩ মার্চ) দুপুরে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ঈদুল ফিতরের দিন দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় ঈদগাহ মাঠে বসা অস্থায়ী দোকানগুলো থেকে চাঁদা তুলতে গিয়ে স্থানীয়দের গণপিটুনির শিকার হন বিটুল। পরবর্তীতে কিছু গণমাধ্যমে তাকে 'যুবদল নেতা' হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু বলেন, "জাতীয়তাবাদী যুবদল একটি সুশৃঙ্খল সংগঠন। আমাদের কোনো নেতাকর্মী অপরাধে জড়িয়ে পড়লে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিই। কিন্তু বিটুল নামে ওই ব্যক্তি আমাদের সংগঠনের প্রাথমিক সদস্যও নন। প্রকৃতপক্ষে তিনি টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ছিলেন। স্বৈরাচারের দোসর যুবলীগ নেতার অপকর্মের দায় যুবদলের ওপর চাপানো দুঃখজনক।"

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সেখানে বিটুল নামে কারও কোনো পদপদবি ছিল না। রাজনৈতিক উদ্দেশ্যে যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই তাকে যুবদল নেতা হিসেবে প্রচার করা হয়েছে বলে দাবি করেন নেতারা।

সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয় যেন অপরাধীর প্রকৃত পরিচয় নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশ করা হয়। একই সঙ্গে চাঁদাবাজ বিটুলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানায় জেলা যুবদল।

সংবাদ সম্মেলনে পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক মওদুদ আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেএইচআর