টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জ্বালানি তেলের সাময়িক সংকট দেখা দিয়েছে। ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। সংকট মোকাবিলা এবং সাধারণ গ্রাহকদের ভোগান্তি কমাতে জ্বালানি তেল বিক্রিতে কঠোর বিধিনিষেধ আরোপের পাশাপাশি মাঠে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, তেল বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ফিলিং স্টেশনে একজন করে তদারকি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিদিন তেলের মজুত ও বিক্রয় সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে এবং অনিয়ম রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে খোলা পাত্র যেমন বোতল, ড্রাম বা কন্টেইনারে তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া মোটরসাইকেলে তেল নেওয়ার ক্ষেত্রে চালকদের প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে এবং মাটি কাটার কাজে ব্যবহৃত ড্রাম ট্রাকে আপাতত তেল সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জানান, ডিপো থেকে সরবরাহ কম থাকায় এই সাময়িক সংকট তৈরি হয়েছে। কোনো ফিলিং স্টেশন কৃত্রিম সংকট সৃষ্টি করলে বা অনিয়মে জড়িত থাকলে প্রমাণসহ প্রশাসনকে জানানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। ফিলিং স্টেশনে কোনো অব্যবস্থাপনা চোখে পড়লে হোয়াটসঅ্যাপ বা মোবাইল মেসেজের মাধ্যমে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্যও নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন