কিশোরগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা

রায়হান জামান, কিশোরগঞ্জ প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৭:০৭ পিএম
কিশোরগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা

মহান ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে কিশোরগঞ্জে বিশেষ স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার ড. এস.এম ফরহাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান এবং সিভিল সার্জন অভিজিত শর্ম্মা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসান মারুফ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মাহমুদুল ইসলাম জানু এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমীর অধ্যাপক মো. রমজান আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত ও নৃশংস হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং স্বাধীনতার চেতনা অক্ষুণ্ণ রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত জরুরি। বক্তারা সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সভা শেষে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জেএইচআর