নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের বৌভাত অনুষ্ঠানে মাংস কম দেওয়া ও ভাতে গন্ধ থাকাকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কনের ছোট বোনসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের উতিয়ারকোণা গ্রামে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার উতিয়ারকোণা গ্রামের সবুজ মিয়ার ছেলে কাওছার মিয়ার (২২) সাথে পার্শ্ববর্তী মেদী পাথরকাটা গ্রামের মো. আব্দুল হেকিমের মেয়ের বিয়ে সম্পন্ন হয়। মঙ্গলবার বিকেলে বরের বাড়িতে বৌভাতের আয়োজন ছিল। খাবার চলাকালীন প্লেটে মাংস কম দেওয়া এবং ভাতে গন্ধ থাকাকে কেন্দ্র করে কনে পক্ষের লোকজন বরের লোকজনের সাথে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে স্বাধীন মিয়া (২৪), বিজয় মিয়া (১৯), জসিম (২২), সাব্বির (১৫), লাক্কু মিয়া (২৬), রহিছ মিয়া (৪০), মুস্তাকিম (১২) এবং কনের ছোট বোনসহ আরও কয়েকজনের নাম জানা গেছে। লোকলজ্জার ভয়ে তারা হাসপাতালে না গিয়ে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
বরের বাবা সবুজ মিয়া বলেন, ১ লাখ ৪০ হাজার টাকা খরচ করে ছেলের বৌভাত অনুষ্ঠানের আয়োজন করেছি। কিন্তু কনে পক্ষের লোকজন তুচ্ছ কারণে তর্কে জড়িয়ে বিয়ের অনুষ্ঠানটাই মাটি করে দিয়েছে।
অন্যদিকে, কনের চাচা গোলাম মোস্তফা ঘটনাটিকে অত্যন্ত লজ্জাজনক ও বিচ্ছিন্ন বলে অভিহিত করেছেন।
এদিকে, এই ঘটনার জেরে বুধবার (২৫ মার্চ) সহিলদেও মল্লিক বাহাদুর বাজারে মুস্তাকিম (১২) নামের এক কিশোরকে একা পেয়ে মারধরের অভিযোগ উঠেছে। বর্তমানে এলাকায় এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন