রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) ও উপ-পরিচালক মোহাম্মদ মোবারক হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন।
এছাড়াও সভায় সিভিল সার্জন নুয়েন খীসা, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের সেক্রেটারি মনজুরুল হক এবং রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর চালানো বর্বরোচিত ও নৃশংস গণহত্যার স্মৃতিচারণ করেন। তারা বলেন, এই দিনটি বাঙালির জাতীয় ইতিহাসে এক শোকাবহ অধ্যায়। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং গণহত্যার স্মৃতি সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও উল্লেখ করেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন