ফরিদপুরের সালথা উপজেলায় বিদ্যুতের তার ছিঁড়ে একটি পাটের গোডাউনের ওপর পড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলা সদরের সালথা বাজার-পুরুরা সড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে। আগুনে ৩৫০ মণ পাট, ৩০ মণ মসুরি ডালসহ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে অন্তত ৩০ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে।
ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, তাঁর টিনশেড গোডাউনের ওপর দিয়ে অপরিকল্পিতভাবে বিদ্যুতের তার টানা ছিল। সকাল সাড়ে ৭টার দিকে ওই তার ছিঁড়ে চালের ওপর পড়লে মুহূর্তেই আগুন ধরে যায় এবং দ্রুত পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মো. আব্দুল জলিল জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হলেও প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
সালথা বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, বাজার এলাকায় অপরিকল্পিতভাবে বিদ্যুতের তার টানানোর ফলে মাঝেমধ্যেই এমন দুর্ঘটনা ঘটছে। তবে সালথা বিদ্যুৎ অফিসের এজিএম মো. রেজাউল করিম দায় অস্বীকার করে বলেন, আগুন গোডাউনের ভেতর থেকেও লাগতে পারে এবং পরে তার ছিঁড়ে পড়তে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।
ঘটনাস্থল পরিদর্শন করে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দীন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে যেহেতু আগুনের সূত্রপাত, তাই আমরা বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলে লাইনগুলো সঠিকভাবে স্থাপনের ব্যবস্থা নেব। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন