পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের কাশিপুর দাখিল মাদ্রাসা মাঠে এই মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শশরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমালিকা পাল। এ সময় আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে এলাকার অসহায় মানুষগুলোর মুখে হাসির ঝিলিক দেখা যায়।
সহায়তা বিতরণকালে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম সমাজের বিত্তবানদের প্রতি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, সরকারের পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি এসব মানুষের পাশে এসে দাঁড়ান, তবেই আমাদের সমাজের প্রকৃত পরিবর্তন আসবে। মানুষের সেবার মাধ্যমে ইহকালে শান্তি ও পরকালে জান্নাত পাওয়া সম্ভব।
তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে পর্যায়ক্রমে সব অসহায় পরিবারের কাছে এই ঈদ উপহার পৌঁছে দেওয়া হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন