টাঙ্গাইলের মধুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের সাব-ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. মিজানুর রহমান নামে এক ভুয়া পুলিশ কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃত মিজানুর রহমান কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মিজানুর পেশাগতভাবে একজন প্রতারক। তিনি টাঙ্গাইলের দেলদুয়ার থানার একজন নারী কনস্টেবলকে বিয়ে করে দেলদুয়ার পৌরশহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। দীর্ঘ দিন ধরে তিনি পুলিশ অফিসার পরিচয়ে বিভিন্ন নিরীহ মানুষকে ব্ল্যাকমেইল ও প্রতারণা করে আসছিলেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার মধুপুর উপজেলার জলছত্র এলাকার সাগর কর্মকার নামে এক ব্যক্তির জমি সংক্রান্ত মামলার তদবিরের নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন মিজানুর। এরপর রাতে তিনি মধুপুর থানায় গিয়ে সাব-ইন্সপেক্টর পরিচয়ে মামলার তদবির শুরু করেন।
তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে মধুপুর থানার এসআই সেলিম বিষয়টি তাৎক্ষণিক তদন্ত ওসি আনোয়ার হোসেনকে জানান এবং তাকে আটক করা হয়। পরে দেলদুয়ার থানায় খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া যায় যে, মিজানুর রহমান একজন ভুয়া পুলিশ কর্মকর্তা।
মধুপুর থানার ওসি ফজলুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর তার অপকর্মের কথা স্বীকার করেছেন। তার কাছ থেকে পুলিশের একটি ট্র্যাকস্যুট, শোল্ডার লাইট এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মধুপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম দুপুরে স্থানীয় সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে বিস্তারিত তুলে ধরেন। এ সময় মধুপুর থানার ওসি ফজলুল হক, তদন্ত ওসি আনোয়ার হোসেন ও এসআই সেলিম উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন