নাটোরের গুরুদাসপুর উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ রাখার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে তার বাড়ি থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ পেট্রোল।
শনিবার গভীর রাতে উপজেলার আনন্দনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. রনজুর ছেলে মো. তৌহিদ হোসেন (২৮)-এর বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ১৫৬ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
এ সময় পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী তৌহিদ হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জব্দকৃত পেট্রোল প্রশাসনের তত্ত্বাবধানে চাচঁকৈড় বাজারে প্রতি লিটার ১২০ টাকায় বিক্রি করা হয়, যার মোট মূল্য দাঁড়ায় ১৮ হাজার ৭২০ টাকা। বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
অভিযানটি পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ। সহযোগিতায় ছিলেন গুরুদাসপুর থানা পুলিশ ও আনসার বাহিনী।
স্থানীয় বাসিন্দারা জানান, “এত পরিমাণ তেল কোথা থেকে এসেছে তা সন্দেহজনক। তৌহিদ হোসেন তেলের ব্যবসার সঙ্গে জড়িত নন।”
অন্যদিকে, তৌহিদের পরিবারের দাবি, তারা এ বিষয়ে অবগত ছিলেন না। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের মাধ্যমে অল্প অল্প করে তেলগুলো মজুদ করা হয়েছে।
অভিযানের পর স্থানীয় মোটরসাইকেল চালকসহ এলাকাবাসী প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, এতে অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে ইতিবাচক প্রভাব পড়বে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, “তেল মজুদদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসনের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন গুরুদাসপুরবাসী।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন