মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কালিবাজারের মধ্য দিয়ে প্রবাহিত গুরুত্বপূর্ণ খালটি জরুরি পুনঃখনন ও সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
সোমবার কালিবাজার এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করে গণদাবি উত্থাপন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এক সময়ের প্রমত্তা এই খালটি বর্তমানে অবৈধ দখল এবং ময়লা-আবর্জনা ফেলে ভরাট করে ফেলায় পানি নিষ্কাশন সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে স্থানীয় কৃষি কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুততম সময়ে এই খালটি খনন করা না হলে কালিবাজারের দীর্ঘদিনের ঐতিহ্য ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে।
কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী সৈয়দ এনায়েত হোসেন। এছাড়া সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান খান, ব্যবসায়ী ইসলাম জমাদ্দার, সাখাওয়াত হোসেন লিটন ও মো. সাইদুর রহমান মুন্সীসহ বাজারের ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য এবং জেলা প্রশাসককে এই জনহিতকর কাজটি দ্রুত বাস্তবায়নের জন্য বিশেষভাবে অনুরোধ জানান। তাঁরা আশা প্রকাশ করেন, জনস্বার্থে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন