গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বাজার তদারকি জোরদার ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের লেবুতলা বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একটি মামলায় ৩,০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
একই দিনে উপজেলার বাঁশবাড়িয়া বাজারেও পৃথক অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে ডিজেল মজুদ করার দায়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১)(ক) ধারায় একটি মামলায় ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট বাজারগুলোতে সার্বিক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। খোলা বাজারে জ্বালানি তেলের মজুদ, সরবরাহ ও বিক্রয় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়, যাতে কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি না হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া উপজেলায় নিয়মিতভাবে সড়ক পরিবহন আইন, ২০১৮, কৃষি বিপণন আইন, ২০১৮সহ বিভিন্ন প্রাসঙ্গিক আইনে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে বাজারে শৃঙ্খলা বজায় রাখা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ও মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন