যশোর জেনারেল হাসপাতালে চুরি, দুই নারী কর্মী আটক

এম এ রহমান, যশোর প্রকাশিত: জুন ৪, ২০২৬, ১০:০৮ এএম
যশোর জেনারেল হাসপাতালে চুরি, দুই নারী কর্মী আটক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে সরকারি মালামাল চুরির অভিযোগে দুই নারী কর্মীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে থেকে চুরির মালামালসহ এক পরিচ্ছন্নতাকর্মীকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জড়িত অপর এক আয়াকেও আটক করা হয়।

আটককৃতরা হলেন হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী নাদিরা (৪০) এবং সার্জারি ওয়ার্ডের আয়া জ্যোতি (৪০)। নাদিরার বাড়ি যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের চানপাড়া গ্রামে এবং জ্যোতির বাড়ি বাহাদুরপুর এলাকায়।

হাসপাতালের একাধিক সূত্র বলেছে, বুধবার দুপুরে নাদিরা একটি বড় কার্টনের মধ্যে সরকারি মালামাল লুকিয়ে রিকশাযোগে হাসপাতাল থেকে বের হওয়ার চেষ্টা করেন। দুপুর প্রায় পৌনে দুইটার দিকে হাসপাতালের ৩ নম্বর গেটের সামনের রাস্তায় দায়িত্বরত জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে সন্দেহজনক মনে করে তল্লাশি চালান। এ সময় তার কাছে থাকা কার্টন থেকে ১ হাজার পিস সিরিঞ্জ ও ৪৮ পিস প্লাস্টার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাদিরা চুরির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং সার্জারি ওয়ার্ডের আয়া জ্যোতির সহযোগিতার কথাও জানান। পরে জ্যোতিকেও আটক করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১০টি ছোট বক্সে রাখা ১ হাজার পিস সিরিঞ্জ এবং ৪টি বক্সে রাখা ৪৮ পিস প্লাস্টার।

আটকের পর উভয়কে উদ্ধারকৃত মালামালসহ যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান কবির বাপ্পীর কার্যালয়ে নেওয়া হয়। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান কবির বাপ্পী বলেন, আটক দুই নারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এএন