বরগুনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন নজরুল ইসলাম মোল্লা

বেলাল হোসেন মিলন, বরগুনা প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৪:১৬ পিএম
বরগুনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন নজরুল ইসলাম মোল্লা

বরগুনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট রাজনীতিবিদ নজরুল ইসলাম মোল্লা।

মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ অনুযায়ী জেলা পরিষদ আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এই নিয়োগ প্রদান করা হয়েছে। নজরুল ইসলাম মোল্লা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব পালনকালে তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের সমপরিমাণ ক্ষমতা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত নজরুল ইসলাম মোল্লা গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে দলীয় অভ্যন্তরীণ কিছু প্রতিকূলতার কারণে সে সময় সামান্য ব্যবধানে ফলাফল তাঁর পক্ষে আসেনি। নতুন এই দায়িত্ব পাওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জেএইচআর