রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে রাজশাহী মহানগরবাসীর জন্য কাজ করার সুযোগ দিয়েছেন।
বৃহস্পতিবার সকালে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে প্রকৌশল বিভাগের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রাজশাহীকে আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে হবে।
প্রশাসক আরও বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন একটি নাগরিক সেবার প্রতিষ্ঠান এবং আমরা জনগণের কাছে দায়বদ্ধ। দলমত নির্বিশেষে নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। পবিত্রতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বাড়ানো সম্ভব। সরকারের নির্দেশনা ও প্রচলিত আইন অনুযায়ী সকলের সহযোগিতায় রাজশাহী মহানগরীকে নতুনভাবে সাজানো সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করতে গিয়ে প্রশাসক জানান, নগরীর ৩০টি ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ দ্রুত শুরু হবে। আগামী ৯০ দিনের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্পসমূহ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কাজের মান বজায় রেখে অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করতে এবং চলমান প্রকল্পের গতি বৃদ্ধি করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
রাসিক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় চলমান উন্নয়ন প্রকল্পের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন প্রশাসকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, নিলুফার ইয়াসমিন, এবিএম আসাদুজ্জামানসহ প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন