বর্তমান সরকার নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, "নির্বাচন পরবর্তী সময়েই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে জোরালো উদ্যোগ নিয়েছে। হাতের আঙুলের দাগ মুছে যাওয়ার আগেই আমরা কাজ শুরু করেছি।" তিনি উল্লেখ করেন যে, ফ্যামিলি কার্ড চালু, ইমামদের ভাতা প্রদান, কৃষক কার্ড বিতরণ এবং কৃষি ঋণ মওকুফের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতিতে চাপের পাশাপাশি দেশেও জ্বালানি সংকট দেখা দিয়েছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই জনগণের উন্নয়ন নিশ্চিত করতে আমরা দায়বদ্ধ।
আসাদুল হাবিব দুলু আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে লালমনিরহাট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এ কে এম মমিনুল হক, জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাওছার আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন