ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে অতিরিক্ত দামে এলপি গ্যাস (বোতলজাত) বিক্রির অভিযোগে এক ডিলারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা সদরের পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ভূঁইয়া।
অভিযানে গিয়ে দেখা যায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করা হচ্ছে, যা সরাসরি ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় সংশ্লিষ্ট এলপিজি সার্ভিস পয়েন্টকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ম্যাজিস্ট্রেট কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ব্যবসায়ী যেন সরকারি নির্ধারিত দামের বাইরে গিয়ে এলপি গ্যাস বিক্রি না করেন। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন