নেত্রকোণায় ডিবির অভিযানে ১৭৬০ কেজি ভারতীয় ফুচকা ও জিরা জব্দ

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৪:৩৫ পিএম
নেত্রকোণায় ডিবির অভিযানে ১৭৬০ কেজি ভারতীয় ফুচকা ও জিরা জব্দ

নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা ১৭৬০ কেজি ভারতীয় ফুচকা ও ৭৮০ কেজি জিরা জব্দ করেছে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে জেলা শহরের কুরপাড় এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার তীতখলা কারীবাড়ী গ্রামের মৃত আবুল হাসানের ছেলে রিপন মিয়া (২৫) এবং নেত্রকোণা সদর উপজেলার পশ্চিম মেদনী গ্রামের লিয়াকত আলীর ছেলে মো. জসিম উদ্দিন (৩৫)।

নেত্রকোণা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের দিকনির্দেশনায় এসআই মো. আব্দুল জলিল, এসআই শওকত ও আবুল কালামের নেতৃত্বে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে সীমান্ত পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও জিরার চালানটি জব্দ করা সম্ভব হয়।

এ ঘটনায় এসআই মো. আব্দুল জলিল বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। সোমবার বিকেলে আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। সীমান্ত অপরাধ ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

জেএইচআর