কুমিল্লায় মহাসড়কের পাশে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

জহিরুল হক রাসেল, কুমিল্লা প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৭:১৭ পিএম
কুমিল্লায় মহাসড়কের পাশে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও যানজট নিরসনে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় বিশাল উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ।

সোমবার দিনব্যাপী পরিচালিত এই অভিযানে মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৪ শতাধিক দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আসিফুল হক, সওজ-এর উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম ভূঁইয়া, উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমান এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

সওজ কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে মহাসড়কের জায়গা দখল করে সবজির আড়ত, হোটেল, ফার্নিচার ও মুদি দোকানসহ নানা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এর ফলে ওই এলাকায় তীব্র যানজট ও নিয়মিত দুর্ঘটনা ঘটত। ইতিপূর্বে দখলদারদের একাধিকবার নোটিশ দিলেও তারা জায়গা খালি না করায় তিনটি বুলডোজার দিয়ে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই বছর ধরে প্রভাবশালী মহলের মদতে এসব অবৈধ দোকান গড়ে উঠেছিল। স্থাপনাগুলো স্থায়ী রূপ নেওয়ায় সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটত। অভিযানের খবর পেয়ে অনেক দোকান মালিককে তড়িঘড়ি করে মালামাল সরিয়ে নিতে দেখা যায়।

সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা জানান, মহাসড়ককে দখলমুক্ত রাখতে এবং জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। উচ্ছেদকৃত জায়গায় পুনরায় যেন কেউ দখল নিতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে বলেও তারা হুঁশিয়ারি প্রদান করেন।

জেএইচআর