ফেনীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই ঘোষ পরিবারের পাশে জামায়াত

ফেনী প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৮:৪৫ পিএম
ফেনীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই ঘোষ পরিবারের পাশে জামায়াত

ফেনীর পরশুরাম উপজেলার পূর্ব অলকা এলাকায় সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই সহোদর বিশু চন্দ্র ঘোষ ও রবি চন্দ্র ঘোষের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবার দুটির সদস্যদের হাতে নগদ অর্থ ও মানবিক সহায়তা তুলে দেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আব্দুল হান্নান।

সহায়তা প্রদানকালে মুফতি আব্দুল হান্নান বলেন, একটি পরিবারের মাথার ওপর থেকে আশ্রয় হারিয়ে যাওয়া অত্যন্ত কষ্টদায়ক ও বেদনাদায়ক। এমন দুর্যোগের মুহূর্তে ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলোকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা জরুরি। জামায়াতে ইসলামী সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখবে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সে জন্য সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

এ সময় জেলা শূরা সদস্য মাওলানা নুর মোহাম্মদ, পরশুরাম উপজেলা আমীর মাওলানা আব্দুল হালিম, পৌর আমীর মাওলানা মোস্তফা, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আবু হানিফ হেলাল, চিথলিয়া ইউনিয়ন আমীর মাস্টার গিয়াস উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্ষতিগ্রস্ত বিশু ও রবি চন্দ্র ঘোষের পরিবার জামায়াতে ইসলামীর এই সময়োপযোগী সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে পরিবার দুটির বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছিলেন। এই সহায়তা তাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।

জেএইচআর