মেহেন্দিগঞ্জে ২৫০ পিস ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ১০:০৪ পিএম
মেহেন্দিগঞ্জে ২৫০ পিস ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ মো. ফিরোজ পালোয়ান নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার উপজেলার লেংগুটিয়া (তালতলী লঞ্চঘাট) এলাকা থেকে তাকে আটক করে মেহেন্দিগঞ্জ থানা-পুলিশ।

গ্রেপ্তারকৃত ফিরোজ পালোয়ান উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামের মো. রফিকুল ইসলাম পালোয়ানের ছেলে। পুলিশ জানায়, ফিরোজ স্থানীয় মুবারক হত্যা মামলার অন্যতম আসামি এবং তার বিরুদ্ধে থানায় একাধিক অপরাধমূলক মামলা রয়েছে।

থানা সূত্রে জানা গেছে, এসআই ছালেম ও এএসআই জসিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, এলাকায় মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তাঁর নেতৃত্বে গত এক মাসে উপজেলায় মাদক সংক্রান্ত প্রায় অর্ধশতাধিক মামলার আসামি গ্রেপ্তার হয়েছে। 

ওসি আরও বলেন, মাদকের অভিশাপ থেকে সমাজকে রক্ষা করতে আমাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

এদিকে পুলিশের এই নিয়মিত ও সফল অভিযানের ফলে এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা মাদক নির্মূলে পুলিশের এমন সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মাদক ব্যবসায়ীদের শেকড় উপড়ে ফেলতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

জেএইচআর