পিরোজপুরে যথাযথ মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
পিরোজপুর জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের পরিচালক ডা. শিশির রঞ্জন অধিকারী। সভায় আরও বক্তব্য রাখেন পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিন।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মতিউর রহমান বলেন, "বর্তমান বিশ্বে অসংক্রামক ব্যাধি এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। ২০২৬ সালের বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল লক্ষ্য হলো স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক, স্মার্ট ও টেকসই করে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।"
সভায় অসংক্রামক ব্যাধি প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ আলোচনা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এসআইএমও ডা. সাজিয়া নওশীন এবং ঝপিয়েগো (Jhpiego) এমসিজিএল প্রকল্পের ডিস্ট্রিক্ট টেকনিক্যাল অফিসার ডা. নুসরাত জাহান। এছাড়াও সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মুহাম্মদ ফয়েজ কাউছার, ব্র্যাকের বরিশাল বিভাগীয় ব্যবস্থাপক প্রদীপ কুমার তরফদারসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
বক্তারা হৃদরোগ, ডায়াবেটিস ও ক্যান্সারের মতো মরণব্যাধি প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি ‘ওয়ান হেলথ’ (One Health) ধারণার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। আধুনিক ও বিজ্ঞানভিত্তিক সেবার মাধ্যমে পিরোজপুর জেলার স্বাস্থ্যসেবা আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন