রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন গোরহাঙ্গা রেলক্রসিং ফ্লাইওভার ও শালবাগান কাঁচা বাজার নির্মাণকাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার দুপুরে তিনি এই প্রকল্পের ‘এ’ ও ‘বি’ পার্টের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে দেখা যায়, সড়কের একাংশ দখল করে ঠিকাদারী প্রতিষ্ঠানের সরঞ্জাম ও নির্মাণসামগ্রী রাখা হয়েছে, যার ফলে সাধারণ মানুষের চলাচলে চরম বিঘ্ন ঘটছে। এই জনভোগান্তি নিরসনে রাসিক প্রশাসক সংশ্লিষ্টদের আগামী সাত দিনের মধ্যে সড়কের ওপর থাকা অপ্রয়োজনীয় মালামাল অপসারণ করে রাস্তাটি জনগণের জন্য উন্মুক্ত করার কঠোর নির্দেশ দেন। একই সঙ্গে নির্মাণাধীন ফ্লাইওভারের বাকি কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার তাগিদ দেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী নগরীর উন্নয়ন ও নাগরিক সেবার যে দায়িত্ব দিয়েছেন, তা পালনে আমি সচেষ্ট রয়েছি। নগরীর উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে ৩০ দিন ও ৯০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, এই পরিকল্পনার আওতায় মহানগরীর ৩০টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং মশক নিধন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নগরীর সৌন্দর্যবর্ধন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, রেলগেট থেকে নওহাটা পর্যন্ত সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক নগর গড়ে তুলতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া ফুটপাত দখলমুক্ত রাখতে তিনি ফুটপাত ব্যবসায়ীদের সহযোগিতাও কামনা করেন।
পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন এবং ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলুসহ ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, প্রশাসনের এই তৎপরতায় ফ্লাইওভারের কাজ দ্রুত শেষ হবে এবং নগরবাসীর দীর্ঘদিনের যাতায়াত কষ্ট লাঘব হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন