বগুড়ার সান্তাহার পৌর শহরে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে ভয়াবহ দ্বিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় স্টেশন এলাকায় প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার সকাল থেকে শহরে ব্যাপক পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সান্তাহার পাওয়ার স্টেশন এলাকায় ওভারটেক করা নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসার জন্য মঙ্গলবার বিকেলে একটি বৈঠক হওয়ার কথা থাকলেও তা শুরুর আগেই উভয় পক্ষ পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে শুরু হওয়া এই সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আদমদীঘি থানা ও সান্তাহার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের পর থেকে সান্তাহারের সঙ্গে সংযুক্ত কয়েকটি এলাকায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। ফলে বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রীসাধারণকে গন্তব্যে পৌঁছাতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক ফেরদৌস আলী জানান, নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য সান্তাহার শহরে পুলিশি পাহারা বাড়ানো হয়েছে। যদিও কিছু এলাকায় এখনো যান চলাচল স্বাভাবিক হয়নি।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে এবং বিরোধপূর্ণ বিষয়টি দ্রুত সমাধানের লক্ষ্যে পুলিশ প্রশাসন ও শ্রমিক নেতারা যৌথভাবে কাজ করছেন। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন