রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত পেট্রোল জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
মঙ্গলবার দুপুরে উপজেলার এমএমসি ব্রিক ফিল্ডের পার্শ্ববর্তী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অধিক মুনাফার উদ্দেশ্যে এক অসাধু ব্যবসায়ী এই জ্বালানি মজুত করেছিল বলে বিজিবি সূত্রে জানা গেছে।
মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নির্দেশনায় রিভারঘাট পোস্টের একটি চৌকস দল এই অভিযান চালায়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এ সময় ফেলে যাওয়া তিনটি প্লাস্টিকের জারিকেন থেকে মোট ৭৪ লিটার পেট্রোল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৯ হাজার ২৫০ টাকা।
মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, সীমান্ত ও অভ্যন্তরীণ এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে চোরাকারবারীরা বিভিন্ন কৌশলে সক্রিয় হওয়ার চেষ্টা করলেও বিজিবি তাদের তৎপরতা নসাৎ করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক নিরাপত্তা রক্ষা এবং সব ধরনের অবৈধ কারবার বন্ধে বিজিবি বদ্ধপরিকর। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে বিজিবির এমন কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দকৃত পেট্রোল আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন