ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি নিয়ম অমান্য করে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মোবারক হোসেন নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা সদরের ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মোবারক হোসেনের বাড়ি ওই এলাকায় বলে জানা গেছে।
আদালত সূত্রে জানা যায়, বর্তমানে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি মোটরসাইকেলে সর্বোচ্চ ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে। মোবারক হোসেন তাঁর মোটরসাইকেলে নির্ধারিত তেল নেওয়ার পরও বাড়তি তেলের দাবিতে পাম্পে জটলা তৈরি করেন এবং সরতে অস্বীকৃতি জানান। এ সময় পাম্প কর্তৃপক্ষের সঙ্গে তিনি বিবাদে লিপ্ত হলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান ও সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় অভিযুক্ত যুবক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়ান এবং অসৌজন্যমূলক আচরণ করেন। উল্লেখ্য, গত ৬ এপ্রিলও অন্য একটি পাম্পে তাঁর বিরুদ্ধে একই ধরনের আচরণের অভিযোগ উঠেছিল।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। তিনি জানান, দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় আইন অমান্য ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ওই যুবককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, আদালতের নির্দেশ অনুযায়ী দণ্ডপ্রাপ্ত যুবককে বিকেলেই কারাগারে পাঠানো হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন