হাইমচরে দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৯:৪০ পিএম
হাইমচরে দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের কারাদণ্ড

চাঁদপুরের হাইমচরে অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে আটক ৫ জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত জেলেরা চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেঘনা নদীর ঈশান বালা, মাঝেরচর ও চান্দুরের খালসহ বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও কোস্ট গার্ডের এই অভিযানে ৫ জেলেকে আটকের পাশাপাশি বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক জানান, জব্দকৃত ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল কোস্ট গার্ডের নয়ানী আউটপোস্টে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত জেলেদের হাইমচর থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানে হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ এবং কোস্ট গার্ডের নয়ানী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. নাসির উদ্দীনসহ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ইলিশের বংশবৃদ্ধি ও জাটকা রক্ষায় অভয়াশ্রম এলাকায় প্রশাসনের এমন কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

জেএইচআর